হাওজা নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, ক্যানবেরা, অস্ট্রেলিয়া: সম্প্রতি এক অস্ট্রেলীয় চিকিৎসক ও রাজনৈতিক কর্মী এক মন্তব্যে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি বিশ্বব্যাপী আগ্রহ তৈরি করার ক্ষেত্রে এমন এক কাজ করেছেন যা বিশ্বের কোনো পর্যটন প্রচারণা কখনো করতে পারেনি।
মহামারি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জটিলতার মধ্যেও ইরানের সংস্কৃতি, ইতিহাস ও শিল্প-সাহিত্য নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা বেড়েছে। ওই অস্ট্রেলীয় চিকিৎসক উল্লেখ করেন, ট্রাম্পের সময় নেওয়া কিছু পদক্ষেপ পরোক্ষভাবে ইরানের প্রতি মানুষের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
তিনি বলেন, “ট্রাম্প ইরানের সংস্কৃতির প্রতি এক ব্যাপক ভালোবাসা ও আগ্রহ তৈরি করেছেন। তার ডেডিকেটেড পোস্টগুলোতে ইরানের সমৃদ্ধ ইতিহাস, অনন্য স্থাপত্য, মুখরোচক খাবার, ঐতিহ্যবাহী সঙ্গীত এবং এমনকি লেগো ভিডিও-সবকিছুই এখন ভাইরাল।”
চিকিৎসকের মতে, কয়েক দশক ধরে পশ্চিমা বিশ্বে ইরান সম্পর্কে যে নেতিবাচক ধারণা গড়ে তোলা হয়েছিল, তা দ্রুত বদলে যাচ্ছে। “যে ঘৃণা দীর্ঘদিন ধরে আমাদের খাওয়ানো হয়েছিল, তা এখন সমর্থন ও গভীর শ্রদ্ধায় রূপ নিচ্ছে,” যোগ করেন তিনি।
রাজনৈতিক ও সাংস্কৃতিক বিশ্লেষকদের মতে, নাগরিক পর্যায়ে ইরানের প্রতি এমন ইতিবাচক দৃষ্টিভঙ্গি কূটনৈতিক সম্পর্কের জটিলতাকে ছাপিয়ে গেছে। অনেকে মনে করছেন, মানুষের মধ্যে প্রকৃত সংস্কৃতির আদান-প্রদান ও কৌতূহলই নিষেধাজ্ঞা ও প্রচারণার প্রাচীর ভেঙে দিতে পারে।
এই অস্ট্রেলীয় চিকিৎসকের বক্তব্য সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক সাড়া জাগিয়েছে। অনেকে ইরান ভ্রমণ ও তার সংস্কৃতি নিয়ে আরও জানতে আগ্রহ প্রকাশ করছেন।
আপনার কমেন্ট